search the site
বাংলাদেশিদের ভিসা বন্ধের আসল কারণ প্রকাশ

বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। শিক্ষার্থী, পর্যটক থেকে শুরু করে শ্রমিক—সবার ক্ষেত্রেই বাড়ছে ভিসা প্রত্যাখ্যানের হার। এর ফলে বিদেশে পড়ালেখা বা কর্মসংস্থান নিয়ে অনেকে পড়ছেন চরম অনিশ্চয়তায়।
শিক্ষার্থী ভিসায় ভোগান্তি
স্কলারশিপ পাওয়ার পরও ভিসা সমস্যায় পড়েছেন বহু শিক্ষার্থী। তানজুমান আলম ঝুমা জানান, হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্র—দুই দেশেই দেড় বছর ধরে ভিসার জন্য চেষ্টা করেও শেষ পর্যন্ত যেতে পারেননি। তার অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও আবেদনগুলো বাতিল করা হয় কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই।
পর্যটন ও শ্রমিক ভিসাতেও জটিলতা
পর্যটন খাতের প্রতিনিধিদের দাবি, বহু দেশ এখন আর নিয়মিত ভিসা দিচ্ছে না। টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, ভারত, ইউএই, কাতার, বাহরাইন, ওমান, উজবেকিস্তান, সৌদি আরব, ভিয়েতনামসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা দেখাচ্ছে।থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন ও শ্রীলঙ্কার ভিসা প্রক্রিয়াও এখন অনেক ধীর।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক অস্থিরতার পর ভারত বাংলাদেশিদের পর্যটন ভিসা স্থগিত করে। যদিও অন্যান্য দেশ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বাস্তবে ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, সমস্যার পিছনে আছে কয়েকটি কারণ—
১. ভিসা অপব্যবহার ও অনিয়মিত অভিবাসন
সহজলভ্য দেশের ভিসা নিয়ে অন্য দেশে যাওয়ার প্রবণতা বেড়েছে। অনেকে ভ্রমণ ভিসায় গিয়ে শ্রমিক ভিসায় রূপান্তর ঘটাচ্ছেন—যা দেশগুলোর আস্থাকে কমাচ্ছে।
২. রাজনৈতিক অস্থিরতা ও ভাবমূর্তি সংকট
বিদেশে কিছু বাংলাদেশির প্রকাশ্য বিবাদ, আইন লঙ্ঘন এবং অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব আন্তর্জাতিক পর্যায়ে নেতিবাচক বার্তা দিচ্ছে।
৩. দুর্বল পাসপোর্ট র্যাংকিং
হেনলি অ্যান্ড পার্টনার্স অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্টধারী দেশ। মাত্র ৩৮টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে।
৪. অভিবাসনবিরোধী বৈশ্বিক পরিবেশ
অবৈধ পথে বিদেশে যাওয়ার প্রবণতা বাড়ায় ভিয়েতনাম, থাইল্যান্ডের মতো দেশও এখন সতর্ক।
বিশ্লেষকদের মতে—
দেশের অভ্যন্তরে অনিয়ম দূর করার দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।
ভিসা অপব্যবহারকারী দালাল চক্র ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
ভারত ছাড়া অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক উদ্যোগ বাড়ানো জরুরি।
রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলার উন্নতি আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।
সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, দেশের ভেতরে আইনি প্রক্রিয়া শক্তিশালী ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা গেলে ভিসা জটিলতা কমে আসতে পারে।
source : sharenews24


















