search the site
সুশাসন প্রতিষ্ঠা এবং সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়নে নৌপরিবহন অধিদপ্তরের অফিস আদেশ।
সুশাসন প্রতিষ্ঠা এবং সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়নে নৌপরিবহন অধিদপ্তরের অফিস আদেশ।

প্রিয় মেরিনারবৃন্দ,
আসসলামু আলাইকুম।
সুশাসন প্রতিষ্ঠা এবং সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক এবং বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদের সদ্যসবৃন্দের মধ্যকার গত ১৫ই নভেম্বর, ২০২২ইং তারিখে অনুষ্ঠিত আলোচনা সভায় মাননীয় মহাপরিচালক মহোদয় আমাদের আশ্বস্ত করেছিলেন যে, জনগণের জন্য সরকারি সেবা প্রাপ্তি সহজতরকরণ এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে সেবাকে জনবান্ধব করার লক্ষ্যে তিনি প্রতি কর্মদিবসের একটি সুবিধাজনক সময়ে অধিদপ্তরে আগত সেবাপ্রত্যাশীগণের সেবা সংক্রান্ত যাবতীয় অভিযোগ সমূহ ব্যক্তিগতভাবে শ্রবণ করবেন। সেই পরিপ্রেক্ষিতে নৌপরিবহন অধিদপ্তর হতে উক্ত অফিস আদেশটি জারি করা হয়েছে।
অতএব, নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন সেবা সংক্রান্ত বিষয়ে আগত বাংলাদেশী মেরিনারগণ ইচ্ছাপোষণ করলে মাননীয় মহাপরিচালকের সাথে নির্ধারিত সময়ে সরাসরি দেখা করে আপনাদের দাবীসমূহ উত্থাপন করতে পারবেন।
উল্লেখ থাকে যে, নৌপরিবহন মন্ত্রণালয় ও নৌপরিবহন অধিদপ্তরের সকল ধরনের সভা সহ যেকোন প্রয়োজনীয় দপ্তর বা ফোরামে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন (BMMOA) মেরিনারদের পক্ষে যোগদান করে ন্যায়সংগত দাবি সমূহ উপস্থাপন এবং মেরিনারদের কল্যাণার্থে ও দেশের মেরিটাইম সেক্টরকে উন্নতির লক্ষ্যে সবসময় কাজ করে থাকে। এরই পরিপ্রেক্ষিতে উক্ত সভায় আমরা মাননীয় মহাপরিচালকের নিকট বাংলাদেশের মেরিন সেক্টরে বর্তমানে বিরাজমান সমস্যা সমূহ এবং এর সমাধানকল্পে বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন করেছি। আমরা আশা রাখছি মাননীয় মহাপরিচালক অতি শীঘ্রই আমাদের উত্থাপিত সকল প্রস্তাবনা সমূহ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ধন্যবাদান্তে,
মোঃ শাখাওয়াত হোসেন
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন।



















